ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, শিক্ষানূরাগী, রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশাররফ হোসেন আজাদকে ১৭ জুন বুধবার সকাল ১০টায় তাঁর বাড়ির মসজিদের সামনে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ভৈরব থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আজাদ ১৬ জুন মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিঁনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোশাররফ হোসেন আজাদ ভৈরবের সম্ভ্রান্ত মুসলিম পরিবার হাজী কাদির বেপারির নাতী ও মরহুম হাজী সৈয়দ লাল মিয়ার পুত্র। তিঁনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার এই দীর্ঘ জীবনে তিনি স্বাধীনতা যুদ্ধের একজন বীরনায়ক, ভৈরব পৌর আওয়ামী লীগ এর উপদেষ্টা, রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজ এর গভর্ণিংবডির অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিঁনি ইতিপূর্বে হাজী আসমত কলেজ এর গভর্ণিংবডির সদস্য, ভৈরব বাজার পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও ভৈরব সরকারি কেবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ভৈরবের সকল মহলের প্রিয় মানুষ মোশাররফ হোসেন আজাদ এর মৃত্যুর খবর ভৈরবে ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভৈরবে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজ এর অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনসহ ভৈরবের ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।