কিশোরগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার (১৫ জুন) এনডিসি মীর আল কামাহ তমাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ ও সেন্টু রঞ্জন নাথসহ অন্যান্য স্টাফ অভিযান চালিয়ে শহরতলির মধ্য কাতিয়ারচর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহমান (৬০) ও ২৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমানের স্ত্রী আসমাকে (৩৫) আটক করেন। এরপর উভয়কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া গাইটাল এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ আবুল কাশেমের ছেলে শামসুকে (৩১) আটক করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।