চলমান করোনা সঙ্কটে কিশোরগঞ্জের কর্মহীন ১৩০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসন খাদ্যসামগ্রি বিতরণ করেছে। এ উপলক্ষে আজ রোববার (১৪ জুন) দুপুরে কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে করোনা ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে রক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বাইরে না যাওয়া, বাইরে গেলে ফিরে এসে জামাকাপড় সাবান দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলা, ২০ সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়াসহ বিভিন্ন করণীয় সম্পর্কে তিনি পরামর্শ দেন। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন প্রমুখ। এরপর কর্মহীন প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, এককেজি ডাল, এককেজি চিনি, একলিটার তেল ও একটি করে মাস্ক প্রদান করা হয়।
