# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে চারটি মামলায় ১২ ফেব্রুয়ারি সোমবার কিশোরগঞ্জের আদালতে হাজির করা হয়েছিল। সোমবার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল বলে জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন। চারটি মামলাই ভৈরব থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস ও বিস্ফোরক আইনের। প্রতিটিতেই শরীফুল আলম প্রধান আসামি।
তবে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী আক্তারের আদালতের দুটি মামালা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মেহনাজ আফরোজের আদালতের একটি মামলার সাক্ষীরা আসেননি। এ ছাড়া প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক ছুটিতে ছিলেন। ফলে শরীফুল আলমকে সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া পুলিশ পহারায় কিশোরগঞ্জ এনে সংশ্লিষ্ট আদালতে হাজিরার পর আবার কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়। শরীফুল আলমের আদালতে আসার খবর পেয়ে বিএনপির বহু নেতাকর্মী সেখানে ছুটে যান। তাকে প্রিজন ভ্যানে তোলার পর নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন।