# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কৃতি আলোকচিত্রী মাহ্দিন শফি অমি তাঁর কাজের অভাবনীয় স্বীকৃতি পেয়েছেন। তিনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২৪ আসরে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হয়েছেন। নারায়ণগঞ্জের বারোদি শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের রাখের উপবাস অনুষ্ঠানের জমকালো আলোকসজ্জার ছবিতে তিনি পুরস্কৃত হয়েছেন বলে জানিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে ৬ মে ছবিটি লন্ডনের সামারসেট হাউসে প্রদর্শিত হবে। বিজয়ী অন্যান্য জাতীয় ও আঞ্চলিক ছবিগুলো ৫৪ দেশের আলোকচিত্রীদের তোলা বলেও অমি জানিয়েছেন।
মাহ্দিন শফি অমি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম রিপনের ছেলে এবং সকালের বাজিতপুর প্রতিনিধি খন্দকার মাহবুবুর রহমানের ভাগনে। তিনি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাবের ইভেন্ট কো-অর্ডিনেটর। তাঁর পুরস্কার ১৯ এপ্রিল লন্ডন থেকে পাঠিয়ে দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।