কিশোরগঞ্জ শহরতলির সতাল এলাকায় এক করোনা রোগী নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সঙ্গে পরিবারের সদস্যরাও কোয়ারেন্টিনে। এই সংক্রামক ব্যধির স্বাস্থ্যবিধি অনুযায়ী বাড়ির অন্য সদস্যদেরও বাইরে যাতায়াতে মানা। অসচ্ছল এ পরিবারে চলছে খাদ্য সঙ্কট। তাদের দিন আর চলছিল না। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে অসহায় এ পরিবারটির করুণ এ খাদ্য সঙ্কটের খবর আসে। জুমার নামাজের পরপরই তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মসদকে দিয়ে খাদ্য সামগ্রির সঙ্গে কিছু ফলমূল পাঠিয়ে দিলেন রোগীর বাড়িতে। আপাতত তাদের খাদ্য সঙ্কটের একটি সুরাহা হলো। খাদ্যসামগ্রিয় পৌঁছে দেয়ার সময় কালেক্টরেটের এনডিসি মীর আল কামাহ তমাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলও উপস্থিত ছিলেন।