# নিজস্ব প্রতিবেদক :-
নিবন্ধন ছাড়া বিয়ের পর স্বামী-স্ত্রীর পরিচয়ে জীবন চলছিল। স্ত্রী অন্তঃসত্ত্বা হলে করানো হয় গর্ভপাত। স্বামী এখন বিয়ে অস্বীকার করে বন্ধন ছিঁড়ে বেরিয়ে গেছেন। মেয়েটি ১০ দিন ছেলের বাড়ির সামনে সকাল-সন্ধ্যা স্বীকৃতির দাবিতে বসে কাটিয়েছেন। অবশেষে এলাকার ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলরের উদ্যোগে সাড়ে ৫ লাখ টাকায় মিমাংসা হয়েছে। এই টাকা নিয়ে মেয়েটি সরে পড়বে। এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকায়। তবে মহিলা পরিষদ নেত্রীরা মেয়েটির সঙ্গে বৃহস্পতিবার বিকালে দেখা করেছেন। মেয়েটিকে আশ্বাস দিয়েছেন, তিনি স্ত্রীর অধিকার আদায়ে যদি মামলা করতে চান, তাহলে মহিলা পরিষদ সহায়তা দেবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের প্রতারিত মেয়েটি (২১) জানান, পূর্ব তারাপাশা এলাকার ব্যবসায়ী আকবর আলী ধনু ভূঁইয়ার ছেলে আশিকুর রহমান শুভর সঙ্গে তিন বছর আগে ফেসবুকে প্রেম হয়। মেয়েটি মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। গত বছর ২ এপ্রিল মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয়। মাঝে মাঝে শাহবাগের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর মত সময় কাটাতেন। শুভ নিজেকে দরিদ্র কৃষকের সন্তান পরিচয় দিতেন। ফলে হোটেলের বিল মেয়েটি পরিশোধ করতেন বলে জানিয়েছেন। এরপর দুই মাসের অন্তঃসতত্ত্বা অবস্থায় গত ২১ আগস্ট মেয়েটিকে স্বামী শুভ ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। এরপরই মেয়েটি বিয়ের কাবিননামার জন্য চাপ দিলে শুভ টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে বিয়ে অস্বীকার করে দূরে সরে যান। ছেলেটি মোহাম্মদপুরের মাদ্রাসায় গিয়ে মেয়েটির বিরুদ্ধে নানা রকম সুৎসা বলে তার চাকরিটিও নষ্ট করে দিয়েছেন। মেয়েটির শৈশবে বাবা-মার ছাড়াছাড়ি হয়ে গেলে মেয়েটি এতিমখানায় বড় হয়।
গত ২৬ জানুয়ারি মেয়েটি কিশোরগঞ্জ রেলস্টেশনে এসে জানাতে পারেন, স্টেশনের সামনেই শুভদের বাসা। এর পর থেকেই বাসার সামনে স্ত্রীর মর্যাদার দাবিতে অবস্থান গ্রহণ করেন। রাতে আশপাশের লোকজন তাদের বাসায় থাকতে দেন, খাওয়ান। সকাল থেকে আবার অবস্থানে বসেন। তবে শুভর কোন দেখা মেলেনি। বাসার কেউ তাকে দেখা দেননি। এমতাবস্থায় বুধবার রাতে স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলামের বাসায় শুভর বাবা ধনু মিয়া এবং মেয়েটিসহ কতিপয় স্থানীয় সাংবাদিককে ডেকে নিয়ে সাড়ে ৫ লাখ টাকায় একটি মিমাংসা দেন। মেয়েটিকে ছেলে পক্ষ টাকাটা দিলে মেয়েটি স্ত্রীর দাবি ত্যাগ করে চলে যাবেন।
কাউন্সিলর সাইফুল ইসলাম মিমাংসার কথা স্বীকার করে বলেন, ‘আমি ছেলের বাবাকে পরামর্শ দিয়েছি, যেন একজন উকিলের মাধ্যমে বিষয়টি সমাধান করে ব্যাংক হিসাবের মাধ্যমে মেয়েটিকে টাকাটা দেওয়া হয়। মেয়েটি যেন সঠিকভাবে টাকাটা পান। মেয়েটি এভাবে দিনের পর দিন বসে আছেন, সেটি চলতে পারে না। সালিশে সাংবাদিকসহ আরও কিছু গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন।’ মিমাংসার পর বুধবার রাতে মেয়েটিকে শহরের বত্রিশ এলাকায় খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু তার বাসায় নিয়ে যান।
এদিকে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক হামিদা বেগম ও অপর কর্মকর্তা তাহমিনা ইসলাম বিউটি বৃহস্পতিবার বিকালে শুভদের বাসায় গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলার জন্য। অনেকক্ষণ গেটে ডাকাডাকি শুনে ভেতর থেকে একজন নারী তাঁদের পরিচয় জানতে চেয়েও গেট খোলেননি। পরে মহিলা পরিষদ নেত্রীরা বত্রিশ এলাকায় তাসলিমা আক্তার মিতুর বাসায় গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলেছেন। এসময় মেয়েটি তার পরিণতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মহিলা পরিষদ নেত্রীরা আশ্বাস দিয়েছেন, মেয়েটি যদি আইনগত পদক্ষেপ নিতে চান, তাহলে মহিলা পরিষদ সহায়তা করবে। মেয়েটিকে শৈশবেই মা-বাবা আলাদা হয়ে ছেড়ে চলে যান। মেয়েটি এতিমখানায় বড় হয়েছেন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এখন তার পাশে কেউ নেই। মিমাংশার জন্য বুধবার মাকে আনা হয়েছিল। মিমাংসার পর্বশেষে তিনি বাড়ি চলে গেছেন। মেয়েটি মহিলা পরিষদের প্রস্তাবে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত জানাতে পারেননি।
আইনগতভাবে এ ধরনের সমস্যার মিমাংসা করতে পারেন কি না, প্রশ্ন করলে ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই মিমাংসা করা হয়েছে। মেয়েটিও মিমাংসা মেনে নিয়েছেন। সাড়ে ৫ লাখ টাকার বিনিময়ে মিমাংসার কথা লিখে একটি কাগজে দুই পক্ষের স্বাক্ষরও নেওয়া হয়েছে। তবে মেয়েটি বলেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে মিমাংসা করা হয়েছে। এখানে তার কেউ নেই। চাপের মুখে তিনি মিমাংসা মেনে নিয়েছেন।