# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৭ ফেব্রুয়ারি বুধবার বাংলা ইশারা দিবস পালন করা হয়েছে। কয়েকজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ট্রাইসাইকেল এবং হুইল চেয়ারও বিতরণ করা হয়েছে। সকালে বালিকা শিশু পরিবারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর কালেক্টরেট প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে কয়েকটি হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, সহকারী উপ-পরিচালক মো. শহীদুল্লাহ, সুইড প্রতিবন্ধী স্কুল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ। এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা করা হয়।