কিশোরগঞ্জে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। জনজীবন ও জীবিকার কথা চিন্তা করে সরকার সঠিকভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের শর্তে কঠোর বিধিনিষেধ শিথিল করার পর প্রতিটি মার্কেট ও শপিংমলসহ রাস্তাঘাটে প্রচুর লোকসমাগম পরিলক্ষিত হচ্ছে। অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। এমনকি বহু মানুষ রস্তা, হাটবাজার ও যানবাহনে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। ফলে বিদ্যমান পরিস্থিতিতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর কঠোর বিধিনিষেধ প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়িয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে। এর জন্য প্রয়োজনে অধিক সংখ্যক মানুষকে জরিমানার আওতায় আনা হবে। এরপরও নিয়ম না মানলে অত্যাবশ্যক পণ্যের দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে সভায় উপস্থিত সবাই মত প্রদান করেন।
আজ (১১ জুন) বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জুম অ্যাপে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাটি হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় কিশোরগঞ্জ-১ আসনের এমপি ও কমিটির উপদেষ্টা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কমিটির সদস্যসচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা ত্রাণ কর্মকর্তা মো. মোকাররম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামালসহ অন্যান্য সদস্যগণ জুমে সংযুক্ত হন এবং এদের কয়েকজন বর্তমান পরিস্থিতির ওপর বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রস্তাবনা দেন।
সংসদ সদস্য জাকিয়া নূর লিপি বলেন, বর্তমান নাজুক করোনা পরিস্থিতি সম্পর্কে মানুষকে আরো সতর্ক ও সচেতন করতে হবে। কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে প্রচারণা চালাতে হবে। কেউ যেন সংক্রমিত ব্যক্তিদের সামাজিকভাবে হেয় না করেন, সেদিকেও সবাইকে সজাগ থাকতে হবে। সংক্রমণ রোধে যা যা করার, সবই করতে হবে। বর্তমান পরিস্থিতি সবাইকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেছেন, তিনি বুধবার জেলার সর্বাধিক সংক্রমিত এলাকা ভৈরব পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে সকল মহলের উপস্থিতিতে মতবিনিময় করেছেন। আইন শৃংখলা বাহিনীকে তাদের করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আর ভৈরবের কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছেন। এই ভিড় এড়াতে তিনি খোলা মাঠে কাঁচামাল কেনাবেচার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, করোনা মোকাবেলায় বিভিন্ন সময়ে পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতে নতুন নতুন নির্দেশনা আসছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা যায়। মহাখালীর আইপিএইচ ল্যাবেও পরীক্ষা করানো হচ্ছে। এর পরও অনেক নমুনা পরীক্ষার অপেক্ষায় পড়ে থাকে। যে কারণে নমুনা সংগ্রহের পর ৫দিন অপেক্ষায় থাকতে হয় ফলাফল জানার জন্য। কাজেই সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে জনবল বাড়িয়ে অন্তত দুই শিফটে পরীক্ষার ব্যবস্থা করা দরকার বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, একটি নমুনা পরীক্ষা করতে সরকারের প্রায় ৫ হাজার টাকা খরচ হয়। কাজেই এখন আর যে কারো নমুনা পরীক্ষা করার প্রয়োজন নেই। কারো সুনির্দিষ্ট উপসর্গ থাকলে তবেই তার নমুনা পরীক্ষা করা হবে। আর কেউ সংক্রমিত হলে তার পরিবারের অন্য সদস্যদেরও উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। তবে তাদেরকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। কোন রোগী নির্দিষ্ট সময় চিকিৎসাধীন থাকার পর কোন উপসর্গ না থাকলে তার দ্বিতীয়বার নমুনা পরীক্ষারও প্রয়োজন নেই। এর ফলে প্রকৃত অর্থে যাদের উপসর্গ রয়েছে, তাদের পরীক্ষাগুলো নিশ্চিত করা যাবে। তা না হলে যাদের সত্যিকার অর্থে পরীক্ষার প্রয়োজন, তারা বঞ্চিত হবেন এবং জনজীবন ঝুঁকিতে পড়ে যাবে। ভৈরবের নাজুক পরিস্থিতির কারণে সেখানে একটি পৃথক পিসিআর ল্যাব স্থাপনের কথাবার্তা হচ্ছে বলেও সিভিল সার্জন সভায় জানিয়েছেন।