মহান আল্লাহ রব্বুল আলামীনের অন্যতম একটি নিয়ামত হল স্বাস্থ্য। স্বাস্থ্য শুধু দুনিয়ার নিয়ামতই নয়, বরং তা আল্লাহর ভালবাসা লাভের অন্যতম একটি মাধ্যমও বটে। কেননা আল্লাহ রব্বুল আলামীন শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী বান্দাকে ভালবাসেন। এই মর্মে রাসূল (সা.) বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিকতর কল্যাণময় এবং আল্লাহর নিকট অধিক প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। (মুসলিম: ২৬৬৪)
অন্য একটি হাদীসে এসেছে রাসূল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেহের সার্বিক সুস্থতা এবং পরিবারের নিরাপত্তা নিয়ে দিবসের শুরু করল এবং তার কাছে যদি সেদিনের খাদ্য সঞ্চিত থাকে তবে সে যেন পুরো দুনিয়াই লাভ করল। (ইবনে মাজাহ: ৪১৪১)
উল্লেখিত হাদীসদ্বয় থেকে বুঝা যায় যে, দৈহিক, মানসিক ও ঈমানী দিক থেকে যে বান্দা অধিক শক্তিশালী আল্লাহ তাকে অধিক ভালবাসেন। পাশাপাশি এটাও বুঝা যায় যে, শরীরের সুস্থতা, পরিবারের শান্তি ও নিরাপত্তা এবং খাদ্যের নিশ্চয়তা এ তিনটি বিষয় জাগতিক জীবনে মানুষের সবচেয়ে বড় পাওয়া। তবে আফসোসের বিষয় হল, স্বাস্থ্য মহান আল্লাহর এত বড় নিয়ামত হওয়ার পরও স্বাস্থ্যের নিয়ামতের ব্যাপারে অনেক মানুষকেই অসতর্ক থাকতে এবং অবহেলা প্রদর্শন করতে দেখা যায়। তাইতো এ বিষয়ে সতর্ক করতে রাসূল (সা.) বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই অসতর্ক, ১। সুস্থতা, ২। অবসর। (বুখারী: ৬৪১২)
উপরোল্লিখিত হাদীসগুলি আমাদেরকে সুস্বাস্থ্য অর্জনে ও স্বাস্থ্য সংরক্ষণের প্রতি উৎসাহিত করে। আর ইসলাম এমন একটি জীবন পদ্ধতি যে, যদি কোন মানুষ ইসলামের নিয়ম-নীতিগুলি মেনে চলে তবে সাধারণভাবে সে সুস্বাস্থ্য লাভ ও রক্ষা করতে পারবে। কেননা আমরা যদি অসুস্থতা বা রোগব্যাধির কারণ অসুন্ধান করি তাহলে দেখব যে, সাধারণভাবে তা কয়েকটি কারণে হয়ে থাকে। যেমন-
১। খাদ্য বা খাদ্যাভাস জনিত। যথা- খাদ্যের অভাব, ক্ষতিকর খাদ্য গ্রহণ, অতিভোজন ইত্যাদি। খাদ্য ও পানীয় মানুষের সুস্থতার ও অসুস্থতার অন্যতম একটি মাধ্যম। তাই ইসলামী শরীয়তে এ বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিকারক খাদ্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পানাহারকেও নিরুৎসাহিত করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা খাও এবং পান কর এবং অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।’ (সূরা আ’রাফ: ৩১)
অন্যত্র এসেছে যে, তিনি তাদেরকে সৎকাজের নির্দেশ দেয়, অসৎ কাজ করতে নিষেধ করে, পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করে আর অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে। (সূরা আ’রাফ: ১৫৭)
উল্লেখিত আয়াতটি থেকে বুঝা যায় যে, ইসলামী শরীয়তে পবিত্র ও উপকারী খাদ্য হালাল করা হয়েছে এবং সকল ক্ষতিকর ও নোংরা খাদ্য নিষিদ্ধ করা হয়েছে। এই কারণেইতো স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকারক মাদক দ্রব্যকে ইসলাম কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। কেননা জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়। এইজন্য একদিকে যেমন অনাহারে থাকা নিষিদ্ধ করা হয়েছে, তেমনি অতিভোজনের প্রতিও নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল (সা.) বলেন, আদম সন্তান তার নিজের পেটের চেয়ে নিকৃষ্টতর কোন পাত্র পূর্ণ করেনি। দেহকে সুস্থ-সবল কর্মক্ষম রাখতে যতটুকু খাদ্য প্রয়োজন ততটুকুই একজন মানুষের জন্য যথেষ্ট। যদি কোন মানুষের খাদ্যস্পৃহা বেশি প্রবল হয় (অর্থাৎ বেশি খাওয়ার ইচ্ছা দমন করতে না পারে) তবে সে পেটের এক তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক তৃতীয়াংশ পানীয়ের জন্য ও এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। (ইবনে মাজাহ: ৩৩৪৯) যদি কোন মুমিন রাসূল (সা.) এর নির্দেশনা অনুসারে পরিমিত আহারে অভ্যস্ত হন তবে তিনি অনেক রোগব্যাধি থেকে মুক্ত থাকতে পারবেন বা রোগ হলেও তা নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ।
২। অসতর্কতা। অসুস্থতার আরেকটি অন্যতম কারণ হল স্বাস্থ্য বিষয়ক অসতর্কতা। বিভিন্ন হাদীসে মুমিনদেরকে স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন- খাদ্য ও পানীয় আবৃত করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত রাতের বেলায় খাদ্য বা পানীয় অনাবৃত করে রাখতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। খাদ্য বা পানীয়ের মধ্যে শ্বাস-প্রশ্বাস ফেলতে বা ফুঁক দিতে নিরুৎসাহিত করা হয়েছে। কঠিন রৌদ্রতাপ থেকে সাধ্যমত আত্মরক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ময়লা হাত পানিতে প্রবেশ করাতে নিষেধ করা হয়েছে। কুকুরে ঝুটা পাত্র মাটি ও পানি দিয়ে ৭/৮ বার ধৌত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডান হাতকে খাওয়া-দাওয়া ও বাম হাতকে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করতে নির্দেষ দেওয়া হয়েছে ইত্যাদি। তাই প্রত্যেকটি মুমিনকে এটা সকল বিষয়ে ভালভাবে জানতে হবে এবং ইসলামী দিক নির্দেশনাগুলি মানতে হবে। এগুলোর পাশাপাশি যে সকল রোগের বিস্তারে সংক্রমণ একটি উপায় বলে নিশ্চিত জানা যায় সে সকল রোগের বিস্তার রোধ ও সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলবে….
প্রচারে: আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।