তৃতীয় ধাপে ভৈরব পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার স্থানীয় সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে পৌর শহরের ১২নং ওয়ার্ডের হতদরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মুতি মিয়া, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম-সম্পাদক মো. মিলাদ হোসেন অপু প্রমুখ।
জানা যায়, করোনা প্রাদুর্ভাবে ভৈরবের মানুষের জীবন ব্যবস্থা কষ্টে জর্জড়িত হয়ে আছে। কর্মহীন হয়ে অনাহারে দিনাতিপাত করছে তারা। এই দুর্যোগে কর্মহীন খেটে খাওয়া মানুষ যেন অনাহারে না থেকে দিন কাটাতে হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দফায় দফায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পৌর এলাকার ১২টি ওয়ার্ডের কাউন্সিলরদের তদারকির মাধ্যমে সাড়ে ১১শ পরিবারকে ২০ কেজি করে চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর আগেও ১ম ও ২য় ধাপে সাড়ে ৫ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, এই করোনা দুর্যোগ সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষের জীবনের উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া এই দুর্যোগ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তাই আল্লাহর কাছে দোয়া চান যেন আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করে। তবে অসহায় ও হতদরিদ্র মানুষ যেন না খেয়ে থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে দফায় দফায় খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। ভৈরবের মানুষ না খেয়ে থাকবে না। সেজন্য ভৈরব পৌরসভার তাদের সাধ্য মতো কাজ করে যাচ্ছে। এই ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।