চাঁদার দাবিতে কটিয়াদীতে বিজয় বর্মণ (৩০) নামে এক সিঙ্গাপুর প্রবাসীকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়েছে। মারাত্মক আহত বিজয় বর্মণ বর্তমানে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভিকটিমের বাবা অরুণ বর্মণ (৫৫) বাদী হয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, কটিয়াদী উপজেলার বীরনোয়াকান্দি এলাকার অরুণ বর্মণের ছেলে বিজয় বর্মণ মাসতিনেক আগে সিঙ্গাপুর থেকে এসেছেন। এর পর থেকেই পার্শ্ববর্তী পশ্চিমপাড়া এলাকার সিরাজ আকন্দের ছেলে সুমন আকন্দ (৩০) ও মৃত লোকমান আকন্দের ছেলে সিরাজ আকন্দসহ কয়েক চাঁদাবাজ বিজয়ের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু বিজয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিজয়কে হুমকি দেন। গত ৮ জুন রাত সাড়ে ৯টার দিকে বিজয় তাদের বাড়ির কাছে একটি দোকানের সামনে অন্য কয়েকজনের সঙ্গে কথা বলার সময় সুমন ও সিরাজ আকস্মিক বিজয়ের ওপর রামদা ও রড নিয়ে হামলা চালান। এসময় বিজয়ের মাথায় সুমন আকন্দ রামদা দিয়ে আঘাত করেন। বিজয় মাটিতে লুটিয়ে পড়লে সিরাজ রড দিয়ে পিটিয়ে বিজয়ের বাম পা ভেঙে দেন। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি পেটানো হয়। এসময় অন্যদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে বিজয়কে উদ্ধার করে কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিজয় বর্মণের বাবা অরুণ বর্মণ বাদী হয়ে পরদিন ৯ জুন কটিয়াদী থানায় সুমন আকন্দ ও সিরাজ আকন্দসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা (মামলা নং ১৪) রুজু করেছেন। কটিয়াদী থানার ওসি এমএ জলিল জানিয়েছেন, দু’জন আসামিই পলাতক। তবে তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।