কিশোরগঞ্জে ১০ জুন বুধবার নতুন আরো ৪৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ভৈরবে সর্বোচ্চ ২৬ জন, সদর উপজেলায় ৯ জন, করিমগঞ্জে ৪ জন, পাকুন্দিয়ায় ৪ জন, বাজিতপুর, তাড়াইল, হোসেনপুর, কটিয়াদী, নিকলী ও ইটনায় রয়েছেন একজন করে। এছাড়া বুধবার সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৫ জন, করিমগঞ্জে দু’জন, আর ইটনায় একজন। বুধবার মধ্যরাতে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান তার করোনা প্রতিবেদনে জানিয়েছেন, এদিন মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে ২৯০টি নমুনার পরীক্ষায় নতুন ৪২টি ও পুরনো ৪টি পজিটিভ, আর ২৪৪টি নেগেটিভ হওয়ার কথা জানিয়েছে। এছাড়া কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে ৯৪টি নমুনার পরীক্ষায় নতুন ৭টি পজিটিভ, আর ৮৭টি নেগেটিভ হওয়ার কথা জানিয়েছে।
করোনা রোগের চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য সরকার টোলফ্রি ‘৩৩৩’ হেল্পলাইনে যোগাযোগ করার জন্য জনসাধারণকে নির্দেশনা দিয়েছে। কাকতালীয়ভাবে ভৈরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও এখন পর্যন্ত ৩৩৩ জন, যা জেলায় সর্বোচ্চ। তবে এখন পর্যন্ত ভৈরবে সুস্থ হয়েছেন ৭৯ জন, আর মারা গেছেন ৫ জন। জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়, ৯৯ জন। সুস্থ হয়েছেন ২৮ জন আর মারা গেছেন ৪ জন। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৬১ জন, সুস্থ হয়েছেন ২৫৯ জন, আর মারা গেছেন ১৬ জন। বুধবার জেলায় আইসোলেশনে ছিলেন ৪৯২ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১২৮ জন।