ভৈরবে করোনার ভয়াবহতা রোধকল্পে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ জুন) বুধবার দুপুর ১২টায় থানা প্রাঙ্গনে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রেদোয়ান দিপু, ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি ও ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, ভৈরব সাংবাদিক সমিতি ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সভাপতি ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাব সভাপতি মো. আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাব এর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস ধ্রুব ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব উপজেলায় করোনার প্রাদুর্ভাব অনেক বেশি। দিন দিন এই উপজেলায় করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এ কারণে এই করোনার ভয়াবহতা রোধ করতে হলে ভৈরববাসীকে কঠিন ত্যাগ স্বীকার করতে হবে। এজন্য ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি মিলে লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে ।
অন্যান্য জেলার সাথে ভৈরবের যাতায়াতের প্রবেশপথ বা বহির্গমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, কাচাবাজার উন্মুক্ত স্থানে স্থানান্তরিত করণ, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট এর মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থা করা, বিদ্যুৎ ব্যবস্থা সচলকরণ, যানবাহনে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়ন্ত্রণ এ সকল বিষয় গুলো তিনি আগামীকাল বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় উত্থাপন করবেন বলে সভায় অবহিত করেন।
এছাড়াও তিনি সব ধরনের চাঁদাবাজি বন্ধসহ ভৈরবের করোনার ভয়াবহতা রোধকল্পে ভৈরবের জন্য সেনাবাহিনী, র্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন এর ব্যবস্থা করার কথা জানান। এ সময় সভায় ভৈরব থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।