কিশোরগঞ্জে নতুন আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯ জুন মঙ্গলবার রাতে পাওয়া ৯৩টি নমুনা পরীক্ষার ফলাফলে তাড়াইলে ৫ জন, ভৈরবে ২ জন, বাজিতপুরে ২ জন এবং হোসেনপুরে ১ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। আর নেগেটিভ হয়েছে ৮৩টি নমুনা। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৭১২ জন। তবে মঙ্গলবার তাড়াইলের ৩ জন আর ভৈরবের ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৪৫ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন। তবে মঙ্গলবার কোন নতুন মৃত্যুর ঘটনা নেই। মঙ্গলবার আইসোলেশনে ছিলেন ৪৫৭ জন। এর মধ্যে হাসপাতালে ছিলেন ৭৪ জন, আর হোম আইসোলেশনে ছিলেন ৩৮৩ জন। মঙ্গলবার হোম কোয়ারেন্টিনে ছিলেন ১২৯ জন।