ভৈরবে অপরাধ নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ সিসি ক্যামেরার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিস প্রমুখ।
জানা যায়, ভৈরব শহরের রেলওয়ে স্টেশন হতে দুর্জয় মোড় হয়ে ভৈরব থানা এবং শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনা হয়। এছাড়া ভৈরব পৌর শহরের অপরাধ চিহ্নিত এলাকা রেলওয়ে স্টেশন এলাকা, নদী বাংলা সেন্টার পয়েন্ট এলাকা, মনমরা ব্রীজ সংলগ্ন এলাকা, নাটাল মোড় ও দুর্জয় মোড় এলাকাসহ ভৈরবের বিভিন্ন স্থানে ৮ লক্ষ টাকা ব্যয়ে মোট ৭৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ৬ স্থান থেকে ভৈরব পৌর শহরকে নিয়ন্ত্রণ করা হবে। তাহলো ভৈরব শহর ফাঁড়ি, পৌরসভা, ভৈরব এমপি পাইলট মডেল হাই স্কুল, ভৈরব থানা, ভৈরব র্যাব ক্যাম্প ও উপজেলা কার্যালয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভৈরবে দিন দিন ছিনতাই, চুরি, বেড়েই চলেছে। অপরাধ গঠিতস্থানে প্রশাসন উপস্থিত থাকতে পারে না। কিন্তু অপরাধ সংগঠিত এলাকায় সার্বিক নজরদারী রাখতে ভৈরব শহরের চিহ্নিত এলাকাগুলোই এ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং বর্তমানে প্রশাসনের বিরামহীন প্রচেষ্টায় ভৈরবকে একটি সুন্দর ভৈরব গড়ার প্রত্যয়ে শহরের বিভিন্ন এলাকায় ৬৮টি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আরো ১০টি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলছে। অতিসত্বর পৌর শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার মনিটরিং ব্যবস্থা কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ সিসি ক্যামেরা স্থাপন দেখতে ভৈরব শহরে রেলওয়ে এলাকা, ভৈরব এমপি পাইলট গার্লস্ হাই স্কুলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।