কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার না করা, জরুরি কাজ ছাড়া অহেতুক বাইরে ঘোরাঘুরি করা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন। এর মধ্যে মাস্ক ব্যবহার না করা এবং অহেতুক বাইরে ঘোরাফেরার দায়ে ১৪ ব্যক্তিকে ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। এসময় মাস্কবিহনী কয়েকজনকে বিনামূল্যে মাস্কও প্রদান করা হয়। ৮ জুন সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন হাট-বাজার ও শপিং মলসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। গাইটাল ও বত্রিশ বাসস্ট্যান্ডে গিয়ে চালক, হেলপার ও যাত্রীদের মাস্ক ব্যবহারসহ আনুষঙ্গিক স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়েও তদারকি করেন। এসময় পুলিশ বাহিনীর সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
