# মিলাদ হোসেন অপু :-
আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করে উপজেলা প্রশাসন। বর্ণিল সাজে সাজানো হয়েছে ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, র্যাব-১৪ ভৈরব কার্যালয়, ভৈরব থানা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আজ ১৬ ডিসেম্বর শনিবার নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় পাদদেশ এলাকায় ভোর ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৬টা ৪০মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাষ্কর্য ‘দুর্জয় ভৈরব’ পাদদেশে ভৈরববাসীর পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৯টায় ভৈরব আইভি রহমান পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মুর্শেদ খান ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম।
কুচকাওয়াজ শেষে ভৈরব স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মুর্শেদ খান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। বেলা ১২টায় বিনা টিকিটে দরশন ও মধুমতি সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, প্রীতিভোজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর সুবিধামতে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। দুপুর ২টায় বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বিকাল ৪টায় উপজেলা ক্রীড়া পরিষদ চত্বরে মহিলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ও সবশেষে ৪টা ১০ মিনিটে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে উপজেলা প্রশাসন বনাম বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।