# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা হয়েছে। সেখানে কিশোরগঞ্জের স্থানীয় বুদ্ধিজীবী ভাষা সৈনিক একাত্তরের শহীদ এবি মহিউদ্দিন আহমেদের নামটি সরকারিভাবে তালিকাভুক্ত করার দাবি উঠেছে।
মহিউদ্দিন আহমেদ সরকারি গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের ১৯৫১-৫২ মেয়াদে সাধারণ সম্পাদক থাকার সময় তাঁর নেতৃত্বে ভাষা আন্দোলন সংগ্রাম কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি তাড়াইল দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেসময় অনেক যুবককে মুক্তিযুদ্ধে পাঠানোর ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছিলেন। তাই মুক্তিযুদ্ধকালে ১০ ডিসেম্বর তাঁকে কিশোরগঞ্জ শহরের কাচারিবাজার এলাকা থেকে রাজাকাররা তুলে নিয়ে গিয়েছিল। এর পর আর কোন হদিস পাওয়া যায়নি।
তাঁর মেয়ে ওয়াহিদা খাতুন রৌশন ২০২০ সালের ১১ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বাবাকে শহীদ বুদ্ধিজীবীদের তালিকাভুক্ত করার জন্য তথ্য প্রমাণসহ একটি লিখিত আবেদন করেছিলেন। এ প্রতিনিধিকে জানিয়েছেন রৌশনের ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াহিদুজ্জামান দুলাল। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় কোন কোন বক্তা বিষয়টি উত্থাপন করেন। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, কমান্ডার এবি সিদ্দিক ও মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ মোস্তফা মানিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।