কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর শান্তিপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে (আঁখি নূর, বয়স ৫ বছর দুই মাস) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোর পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ায় শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে খেলার সময় প্রতিবেশী কিশোর আজিজুল (১৪) লুডু খেলার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রাতে শিশুটি ব্যথায় কান্না করলে মা পারুল বেগম কারণ জানতে চাইলে শিশুটি জানায় আজিজুল তাকে পায়ুপথে ধর্ষণ করেছে।
পারুল বেগম বিষয়টি তার স্বামী আব্দুর রহমানকে বিষয়টি জানালে তিনি তৎক্ষণাৎ আজিজুলের বাবা কুদ্দুস মিয়া ও মা হাসিনা বেগমকে জানান। কিন্তু আজিজুলের বাবা-মা বিষয়টি আমলে না নিলে শুক্রবার বিকালে তারা তাদের শিশুটিকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষে এ সময় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পরামর্শ দিলে সন্ধ্যায় সেখানে নিয়ে যান তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া সুলতানা জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত পরীক্ষার জন্য রাতেই তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসি। ডাক্তার এবং অভিযুক্তদের সাথে কথা বলে ধর্ষণের ধারণা পাই। তখন তাদেরকে কিশোরগঞ্জ ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাই। আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামীকে গ্রেপ্তারে প্রচেষ্টা চালানো হবে।