• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বিধিনিষেধ শিথিল করতেই কিশোরগঞ্জে দেখা যাচ্ছে যানজটের পুরনো চেহারা

আজ দুপুরে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের দৃশ্য এটি। - পূর্বকণ্ঠ

বিধিনিষেধ শিথিল করতেই কিশোরগঞ্জে
দেখা যাচ্ছে যানজটের পুরনো চেহারা

# মোস্তফা কামাল :-

সরকার শর্তসাপেক্ষে সারাদেশে লকডাউন এবং বিধিনিষেধ শিথিল করেছে। স্বাস্থ্যবিধি মেনে ১ জুন সোমবার থেকে সড়কপথে গণপরিবহন চালুরও সুযোগ দিয়েছে। আর এই সুযোগে হালকা বাহনগুলি যেন বাঁধভাঙা জোয়ারের মত রাস্তায় নেমে এসেছে। কিশোরগঞ্জ শহরে করোনা সংক্রমনের আগে থেকেই এক ধরনের যানজট পরিস্থিতি ছিল। জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্তে সাড়ে ৬শ’ ব্যাটারিচালিত অটোরিকশাকে পৌরসভার পক্ষ থেকে হলুদ রং করে একটি ক্রমিক নম্বর এবং স্টিকার দিয়ে পৌর এলাকায় কিছুটা যানজট নিরসনের চেষ্টা চলছিল। তবে করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের কারণে জেলা শহরসহ জেলার সর্বত্রই সকল প্রকার যানবাহন অনেক কমে গিয়েছিল। এমনিতেই কিশোরগঞ্জ শহরে কিছুদিন ধরে হালকা যানবাহন বেড়ে গিয়েছিল। কিন্তু সোমবার থেকে সড়কপথে গণপরিবহনের ওপর বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে যেন অটোরিকশা আর রিকশার সকল গ্যারেজ খুলে দেয়া হয়েছে। শহর একেবারে ভরে গেছে এসব হালকা যানবাহনে। ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে বাড়তি যানবাহন আটক করলেও দু’দিন ধরে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শহরে আবার পুরনো যানজটের চেহারা ফিরে এসেছে। প্রত্যেকটি অটোরিকশায় অন্তত ৬ জন থেকে ৮ জন যাত্রী ঠাসাঠাসি করে বসছেন। এদের কারো কারো মাস্কও থাকে না। অনেক চালকেরও মাস্ক থাকে না। ফলে এরকম পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব যেমন ভেস্তে যাচ্ছে, আবার মাস্কবিহীন মানুষের কারণেও করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। শহরে অন্তত ১০ ভাগ যাত্রী এবং পথচারীকে মাস্কবিহীন দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *