# নিজস্ব প্রতিবেদক :-
বেসরকারি সংস্থা পপি’র উদ্যোগে এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্কের আওতায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীতে উদ্বোধন হয়েছে বৃক্ষরোপন সপ্তাহ। আজ ৩ সেপ্টেম্বর রোববার নিকলীর জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে নিকলীর ইউএনও মোছা. শাকিলা পারভীন শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
পপি’র জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, পপি’র প্রকল্প সমন্বয়ক জহিরুল ইসলাম, সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ মুন্নি প্রমুখ। নিকলীর ভাঙন কবলিত এলাকায়, আশ্রয়ণ এলাকায়, সরকারি খাস জমিতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দেড় হাজার গাছের চারা রোপন ও বিতরণ করা হবে বলে জানা গেছে। প্রথম দিন ৩০০ চারা বিতরণ ও রোপন করা হয়েছে।
অনুষ্ঠানে ইউএনও শাকিলা পারভীন বৃক্ষ রোপনে সহযোগিতার জন্য পপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি বিদ্যালয়, ভাঙন কবলিত এলাকা, আশ্রয়ণ প্রকল্প এবং সরকারি খাস জমিতে এসব চারা রোপন করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছ। তোমরা জান, জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের বিরূপ প্রভাব পড়ে। এই বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের নিরাপত্তার জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প, ভাঙন কবলিত এলাকা এবং সরকারি খাস জমিতে এসব চারা রোপন করা হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে পপি’র জেলা সমন্বয়ক ফরিদুল আলম জানান, এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্কের উদ্যোগে গত মে-জুন মাসেও হাওরে এক হাজার ৫০টি বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর লক্ষ্য অর্জনের মাধ্যমে চলমান বৃক্ষরোপন সপ্তাহের কর্মসূচীর সমাপ্তি ঘটবে বলে তিনি জানিয়েছেন।