# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে রোকন উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এর পেছনে ব্যবসায় মার খেয়ে ব্যবসা বন্ধ করে দেওয়া, প্রচুর ঋণ, চেকের ভুয়া মামলা আর পারিবারিক অশান্তি দায়ী বলে জানিয়েছেন প্রতিবেশী এবং অন্যান্য ব্যবসায়ীরা। তিনি ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরতলির চরশোলাকিয়া এলাকার ভাড়া বাসার আমগাছে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন প্রতিবেশি অটোরিকশা ব্যবসায়ী কামাল উদ্দিন।
রোকনের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। লাশ নিয়ে সবাই হোসেনপুরের গোবিন্দপুরের বাড়িতে চলে গেছেন। রোকনের স্ত্রী, এসএসসি পরীক্ষার্থী এক ছেলে আর ৫ম শ্রেণি পড়ুয়া এক মেয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশি কামাল উদ্দিন।
শহরের একরামপুর এলাকার মেসার্স আওলাদ মেশিনারীজের মালিক শেখ আসাদুজ্জামান খোকন জানিয়েছেন, রোকন তাঁর প্রতিষ্ঠানে অন্তত ২০ বছর ম্যানেজারের দায়িত্বে ছিলেন। খুব মেধাবী এবং চৌকস ছিলেন। প্রায় ১০ বছর আগে রোকন সেখান থেকে বেরিয়ে একরামপুর এলাকাতেই ‘রোকন মেশিনারীজ’ নামে আলাদা ব্যবসা দিয়েছিলেন। ব্যবসাও ভালই চলছিল।
প্রথমে খালাতো বোনকে রোকন বিয়ে করেছিলেন। তিনি মারা যাবার পর করিমগঞ্জের শুধি এলাকায় দ্বিতীয় বিয়ে করেন বলে জানিয়েছেন আসাদুজ্জামান খোকন। কিন্তু দ্বিতীয় বিয়ের পর সংসার সুখের হয়নি। স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকেরা সবসময় প্রচণ্ড মানসিক নির্যাতন করতেন। এছাড়া ব্যবসার জোগান আর পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে রোকন বিভিন্ন ব্যক্তি, এনজিও এবং ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন। মিঠামইনের গোপদীঘি এলাকার এক ব্যক্তিকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ওই ব্যক্তি চেকে ১২ লাখ টাকা বসিয়ে আদালতে মামলা করে দিয়েছেন। এসব নিয়ে রোকন প্রচণ্ড মানসিক হতাশায় ছিলেন বলে আসাদুজ্জামান খোকন জানিয়েছেন।
এদিকে রোকনের ব্যবসা প্রতিষ্ঠান রোকন মেশিনারীজের দোকানে গিয়ে দেখা গেছে, সেখানে ‘সুমন মেশিনারীজ’ এবং ‘এগো মেশিনারীজ’ নামে অন্য দোকান। সুমন মেশিনারীজের মালিক রনি জানিয়েছেন, ব্যবসায় মার খেয়ে রোকন তাঁর দোকানের চুক্তি নবায়ন না করে ছেড়ে দিয়ে চলে গেছেন। এরপরই তাঁরা ভাড়া নিয়ে ব্যবসা করছেন। তিনিও রোকনের ব্যবসায় মার খাওয়া এবং মোটা অঙ্কের ঋণের কথা জানিয়েছেন। সবার ধারণা, ব্যবসা বন্ধ, পারিবারিক অশান্তি, ঋণ আর মামলার চাপেই রোকন আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে সদর থানার পুলিশ রোকনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়না তদন্ত করিয়েছে। তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ দাউদ।