# মোস্তফা কামাল :-
এখন এমন এক মৌসুম, যখন জমিতে তেমন শাকসবজি নেই। গ্রীষ্মের মাঝামাঝি থেকে শরতের মাঝামাঝি, প্রায় চার মাস বেশ বৃষ্টিপাত হয়। ফলে এসময় শাকসবজির আবাদে ভাটা পড়ে। প্রাপ্যতা সঙ্কটের কারণে তখন দামও চড়া থাকে। এসময় কৃষকরা বাজারে পর্যাপ্ত শাকবসজি নিতে পারেন না। থাকেন বেশ অর্থকষ্টে। এই সময়ে কৃষকদের কিছু অর্থের সংস্থান এনে দিচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর সবজি ‘গাছ আলু’। এসব বর্ণনা দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম।
তিনি জানান, গাছ আলু মাচায় আবাদ করা হচ্ছে। পুরো মাচা জুড়ে ফলে থাকে অসংখ্য আলু। তিন থেকে চারটি আলুতে এক কেজি হয়ে যায়। অনেক সময় একটি আলুর ওজনও এক কেজি হতে পারে। পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকায় গিয়ে দেখা গেছে, বেশ কিছু জমিতে মাচা তৈরি করে আবাদ করা হয়েছে গাছ আলু।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানিয়েছেন, সারা দেশে আনুমানিক দুই হাজার হেক্টর জমিতে গাছ আলুর আবাদ হয়। এর মধ্যে কেবল পাকুন্দিয়া উপজেলাতেই কৃষকদের উদ্বুদ্ধ করে এবার ৪০২ হেক্টর জমিতে গাছ আলুর আবাদ করানো হয়েছে। এখানে শীতকালে গোল আলু আবাদ হয় ১২শ’ হেক্টরে। ফলে ৪০২ হেক্টরে গাছ আলুর আবাদ আশা জাগিয়েছে বলে কৃষি কর্মকর্তা মন্তব্য করেছেন। গাছ আলুর বৈজ্ঞানিক নাম ‘ডায়োসকোরিয়া এলাটা’।
কৃষক সুজন মিয়া জানিয়েছেন, তিনি এবার ৩০ শতাংশ জমিতে গাছ আলুর আবাদ করেছেন। সবুজ মিয়া আবাদ করেছেন ২৫ শতাংশ জমিতে। বিক্রি হবে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার। দৈনিক ২০ কেজি থেকে ৩০ কেজি আলু আহরণ করে বাজারে নেয়া যায় বলে কৃষকরা জানিয়েছেন। তাঁরা একই জমিতে বছরে চারটি ফসল ফলাচ্ছেন। প্রথমে করেছেন পেঁয়াজ। বিক্রি করেছেন ৪০ হাজার টাকার। এরপর আবাদ করেছেন করলা। বিক্রি করেছেন ২৫ হাজার টাকার। পরে আবাদ করেছেন লাউ। বিক্রি করেছেন ২০ হাজার টাকার। আর গাছ আলু বিক্রি হবে ৫০ থেকে ৬০ হাজার টাকার। গাছ আলুর বাড়তি লাভের দিক হচ্ছে, এটি আবাদ করতে খরচ হয় বিক্রির এক-চতুর্থাংশ। চাষীরা পাইকারদের কাছে জমি থেকে গাছ আলু বিক্রি করছেন ৪০ টাকা কেজি দরে। আর বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।
কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জনিয়েছেন, পাকুন্দিয়া উপজেলা শাকসবজি আবাদের উৎকৃষ্ট এলাকা। এখানে একই জমিতে বছরে চারটি ফসল ফলানো হচ্ছে। এখন জমিতে অন্যান্য শাকসবজি তেমন নেই। এখন যারা গাছ আলু আবাদ করেছেন, তাঁরা বাড়তি টাকা পাচ্ছেন। গাছ আলু বেশ পুষ্টিকরও বটে। এতে পর্যাপ্ত আয়রন রয়েছে। এটি মাছ দিয়ে খাওয়া যায়। আবার ভর্তাও করা যায়। কৃষকরা জানিয়েছেন, মাচার আলুর পাশাপাশি মাটির নীচেও প্রতিটি গাছের গোড়ায় প্রায় ৫ কেজি আলু পাওয়া যাবে। সেটি উত্তোলন করা হবে ওপরের ফলন শেষ হবার পর।