# মিলাদ হোসেন অপু :-
নানান জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল তালাবদ্ধ করেছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টিম। আজ ১৯ আগস্ট শনিবার দুপুর ২টায় ভৈরব থানা পুলিশের সহায়তায় হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করা হয়।
এ বিষয়ে হাসপাতাল মালিক বদিউজ্জামান বদি জানান, ১৪ আগস্ট সোমবার আমি একটি নোটিশ পাই যেন হাসপাতালটি সাময়িক বন্ধ রাখি। পরদিন মঙ্গলবার আবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তার আরেকটি নোটিশ পাই। বিষয়টি বুঝে উঠার আগেই ডা. বুলবুল আহম্মদ ১৯ আগস্ট শনিবার হাসপাতালটি তালাবদ্ধ করেন।
এ বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, গত ৮ জুলাই আমার হাসপাতালে একজন রোগীর অপারেশন হওয়ার পর তিনি মারা যান। এই ঘটনার জেরে আজকে আমার হাসপাতালটি তালাবদ্ধ করা হয়েছে। ডাক্তার ফাহিমা শারমীন হানি বর্তমানে তিনি নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসক। এনেস্থেসিয়া ডাক্তার জালাল উদ্দিন বর্তমানে বাগেরহাট হাসপাতালের সিভিল সার্জন এবং গ্রামীণ জেনারেল হাসপাতালের আরএমও ডা. দিপংকর রায় অপারেশন করেছেন। কিন্তু আমাকে নোটিশে জানানো হয়েছে আমি ডাক্তার ছাড়া চিকিৎসা করিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টিম সদস্য সচিব ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ জানান, গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রা.) এ “ভুল চিকিৎসায় নারী মৃত্যু, হাসপাতাল ভাঙচুর” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত প্রতিবেদনে অপারেশনের সময় সাহায্যকারী হিসেবে কোন মেডিকেল অফিসার ছিলেন না। অপারেশন পরবর্তী রোগী ব্যবস্থাপনায় অসংগতি ও গাফিলতি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছিল। কার্যক্রম বন্ধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আজ ১৯ আগস্ট শনিবার হাসপাতালটি সাময়িক ভাবে তালাবদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই শুক্রবার দুপুরে নিউ টাউন এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে জরায়ু অপারেশনের জন্য ভর্তি করা হয় সেলিনা বেগমকে। ডা. ফাহিমা শারমীন হানী দিনব্যাপী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে ওইদিন দুপুর ২টার দিকে জরায়ু অপারেশনের জন্য ওটিতে নিয়ে সাড়ে ৪টায় অপারেশন থিয়েটার থেকে অজ্ঞান অবস্থায় বের করে। পরে রক্তশূণ্যতা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ এক ব্যাগ রক্তের ব্যবস্থা করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোগীর অবস্থা অবনতি হতে থাকে। রাত ১০টার পর অবস্থা বেশী অবনতি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তখনও রোগীর সমস্যার কথা কিছু বলেনি। রাত সাড়ে ৩টার দিকে রোগী মৃত্যুবরণ করার পর স্বজনদের কোন ছাড়পত্র না দিয়ে তড়িঘড়ি করে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পথিমধ্যে স্বজনদের সন্দেহ হলে নরসিংদী জেলার বারৈচা গ্রীণ লাইন হাসপাতালে নিয়ে গেলে রোগীর মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। তারপরও স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে রোগীর স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষ ৮ জুলাই ভৈরব থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।