কিশোরগঞ্জে নতুন করে করোনায় ১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এদের মধ্যে ভৈরবে ১০ জন, সদর উপজেলায় ১ জন, করিমগঞ্জে ১ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ১ জন, বাজিতপুরে ১ জন, আর কুলিয়ারচরে ১ জন। আজ (২৯ মে) পর্যন্ত সারা জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯১০টি। এর মধ্যে আজকে সংগ্রহ করা হয়েছে ১৭৭টি নমুনা। আজ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে আজকে ৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৯২ জন।
সিভিল সার্জন জানান, জেলা থেকে ২৩ মে ২৩৩ টি নমুনা সংগ্রহ করে মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৯টি নমুনা বাতিল হওয়ায় আজকে ২২৪টি নমুনার ফল জানানো হয়েছে। এতে নতুন করে ১৭টি নমুনা পজিটিভ হয়েছে, আর পুরনো দু’জন সংক্রমিত রোগীর নমুনা আবারো পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ২০৫টি নমুনা। আজকে ৫ জন রোগী সুস্থ হয়েছেন। এরা হলেন করিমগঞ্জের ৩ জন, হোসেনপুরের ১ জন, আর বাজিতপুরের ১ জন। অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা একজন রোগীও সুস্থ হয়েছেন। আজকে কোয়ারেন্টিনে আছেন ২০০ জন, আর আইসোলেশনে আছেন ১২৯ জন। এদের মধ্যে অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৭ জন রোগীও রয়েছেন।