কিশোরগঞ্জে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এর মধ্যে ভৈরবে সাতজন আর পাকুন্দিয়ায় তিনজন। আর বৃহস্পতিবার করিমগঞ্জে একজন করোনা রোগী মারা গেছেন। কিশোরগঞ্জ থেকে ২২ মে ১৩০টি নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ৭৮টির ফলাফল জানানো হয়েছে। এর মধ্যে ১০টি পজিটিভ আর ৬৮টি নেগেটিভ হয়েছে। বৃহস্পতিবার করিমগঞ্জের গুজাদিয়া এলাকার বাড়িতে আইসোলেশনে থাকা করোনা রোগী মসজিদের ইমাম মো. সামছুদ্দিন (৬৫) মারা গেছেন। তাকে নিয়ে জেলায় মোট ৯ জন করোনায় মারা গেলেন। বৃহস্পতিবার আইসোলেশনে ছিলেন মোট ১১৪ জন। এর মধ্যে হাসপাতালে ছিলেন ৪১ জন, আর বাড়িতে ছিলেন ৭৩ জন। আর কোয়ারেন্টিনে ছিলেন ১৩০ জন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩শ’ জন, আর সুস্থ হয়েছেন ১৮৭ জন।