# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ৬টি উপজেলা হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী ও মিঠামইনকে এবার গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। আগামী ৯ আগস্ট বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেবেন বলে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। ৭ আগস্ট সোমবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এর আগে ৫টি উপজেলা কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, পাকুন্দিয়া, ভৈরব ও অষ্টগ্রামকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর পরের ধাপে ১৩ উপজেলার মধ্যে বাকি দুই উপজেলা তাড়াইল এবং ইটনাকেও গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ইতোমধ্যে ২ হাজার ২১১টি ঘর উদ্বোধন হয়েছে। বুধবার অবশিষ্ট ২৭২টি ঘর উদ্বোধন করা হবে। দুই শতাংশ জায়গার ওপর প্রতিটি ঘরের নির্মাণ বরাদ্দ ৩ লাখ ৪ হাজার টাকা। তবে আগামীতে যদি আরও কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায়, তখন আবার ঘর দেয়া হবে। এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ।