# নিজস্ব প্রতিবেদক :-
মাদক বিরোধী সেমিনারে জানানো হয়েছে, মাদকসেবীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। আর দেশের ভেতর কিশোরগঞ্জ জেলার অবস্থান চতুর্থ। ৭ আগস্ট সোমবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডের উজানভাটি সম্মেলন কক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ‘মাদক প্রতিরোধে সচেতনতা তৈরি, কার্যকরী পদক্ষেপ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের সভাপতি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খান তাঁর মূল প্রবন্ধে এসব তথ্য জানান।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডা. আব্দুল কাদির। জেলার শতাধিক স্কুল ও কলেজের প্রধানদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে ৩৬ লাখ মাদকাসক্ত আছে, যা বিশ্বে সপ্তম। বছরে ১০ হাজার কোটি টাকার মাদক কেনাবেচা হয়। মাদক সেবনে মানসিক ভারসাম্য নষ্ট হয়। স্বাস্থ্যগত ক্ষতি হয়। প্রজনন ক্ষমতা হ্রাস পায়। বিকলাঙ্গ সন্তান জন্ম হয়। মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পারিবারিক ও সামাজিক বিপর্যয় তো আছেই। অর্থাৎ, মাদকের ছোবলে পারিবারিক, সামাজিক, আর্থিক ও দৈহিক ক্ষতির বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়। এর হাত থেকে কিশোর ও যুব সমাজকে রক্ষা করার ক্ষেত্রে শিক্ষক সমাজের ভূমিকার ওপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও জোর দেয়া হয়। সেমিনারে শিক্ষকদের মধ্যে থেকেও অনেকে মাদকের ভয়বহতা ও মাদক মোকাবেলায় করণীয় সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন। সেমিনারে সঞ্চালক ছিলেন ডিজি ল্যাবের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাচ্চু।