গত ২৩ মে কিশোরগঞ্জে নতুন চারজনের করোনা শনাক্ত হয়েছিল। এদের মধ্যে করিমগঞ্জের গুজাদিয়া এলাকার সামছুদ্দিন (৬৫) নামে মসজিদের একজন মুয়াজ্জিনও ছিলেন। তিনি আজ (২৮ মে) বৃহস্পতিবার সকালে গুজাদিয়া এলাকার বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মে জেলা থেকে ৭১টি নমুনা সংগ্রহ করে মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে ২৩ মে পাঠানো পরীক্ষার ফলাফলে করিমগঞ্জের সামছুদ্দিন ছাড়াও ভৈরবের দু’জন ও ইটনার একজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। আর পুরনো দু’জন পজিটিভ রোগীর নমুনাও এদিন আবার পজিটিভ এসেছিল। ফলে এদিন ৬৫ জনের নমুনা নেগেটিভ এসেছিল। নতুন সংক্রমিত চারজনের মধ্যে সামছুদ্দিন মারা গেছেন। তাকে স্বাস্থ্যবিধি অনুসারে দাফন করা হয়েছে।