# নিজস্ব প্রতিবেদক :-
আাগমী বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের ৬টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলি হলো হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী ও মিঠামইন। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ২২ হাজার ১০১টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক আজ ৭ আগস্ট বেলা ১২টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরও জানান, এর আগে ৫টি উপজেলা কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, পাকুন্দিয়া, ভৈরব ও অষ্টগ্রামকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর পরের ধাপে ১৩ উপজেলার মধ্যে বাকি দুই উপজেলা তাড়াইল এবং ইটনাকেও গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ইতোমধ্যে ২ হাজার ২১১টি ঘর উদ্বোধন হয়েছে। বুধবার বশিষ্ট ২৭২টি ঘর উদ্বোধন করা হবে। দুই শতাংশ জায়গার ওপর প্রতিটি ঘরের নির্মাণ বরাদ্দ ৩ লাখ ৪ হাজার টাকা। তবে আগামীতে যদি আরও কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায়, তখন আবার ঘর দেয়া হবে। এটি একটি চলমান প্রকৃয়া হিসেবে জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
আশ্রয়ণ প্রকল্পের জন্য বেদখলকৃত ৯৫ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬৬ একর ৯৮ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। আর এক কোটি ৪৭ লাখ ৪০ হাজার ২৯০ টাকায় ক্রয় করা হয়েছে এক একর ১২ দশমিক ৮২ শতাংশ জায়গা।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ।