# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরের সরারচর স্টেশনে দুই আন্তঃনগর ট্রেন এক লাইনে ঢুকে মুখোমুখি হয়ে যায়। তবে চালকদের দক্ষতায় রক্ষা পেলেন হাজারো যাত্রী। কিশোরগঞ্জ থেকে ১২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এসাসিন্দুর এক্সপ্রেস। আর ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় কিশোরগঞ্জ এক্সপ্রেস। সিগনালের ভুলে আজ ৬ আগস্ট রোববার দুপুর ১টা ৪০ মিনিটে দুই ট্রেন একই লাইনে ঢুকে পড়ে বলে জানিয়েছেন সরারচরের স্টেশন মাস্টার মো. সেলিম। তবে দুই চালক তাঁদের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনার আগেই ট্রেন দুটি থামিয়ে ফেলেন। এতে হাজারো যাত্রী হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুরোহুরি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
স্টেশন মাস্টার মো. সেলিমকে প্রশ্ন করলে জানান, স্টেশন মাস্টার হিসেবে এই ভুলের দায় আমার ওপরই বর্তায়। তবে পয়েন্টসম্যান মো. আশরাফ ক্রসিংয়ের দায়িত্বে ছিলেন। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মো. ইউসুফ জানিয়েছেন, ভৈরবের পর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ‘ডাবলওয়্যার ইন্টারলকিং’ পদ্ধতিতে হাতে ক্রসিং দেয়া হয়। ফলে কারও না কারও ভুলে এটি হয়েছে। তদন্তে সঠিক ঘটনা বেরিয়ে আসবে বলে তিনিও মনে করেন। এদিকে দুই ট্রেনের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বহু যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প ব্যবস্থায় যার যার গন্তব্যে গেছেন।
এ ঘটনার পর থেকে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবীর ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।