# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে রেললাইনের সিগন্যাল পিলার চুরির ঘটনায় ৩ জনকে আটক করেছে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ ৫ আগস্ট শনিবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার আমিন মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৯), তার ছোট ভাই সাগর মিয়া (২২) ও একই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া (২৯)।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসার ইনচার্জ এসএম তাজবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ শনিবার সকালে উপজেলার কালিকা প্রসাদ রেলওয়ে স্টেশন এলাকায় আউটারের রেলওয়ে সিগন্যাল পিলার কেটে ফেলার অভিযোগ পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পিলারটি নেই। এসময় সিগন্যাল অফিসার সোলায়মান মিয়াসহ বিষয়টি তদন্তের মাধ্যমে জানতে পারি ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকার ইমন, সাগর ও আলমগীর এ ঘটনা ঘটিয়েছেন। পরক্ষণে তাদের আটক করি। এ সময় তাদের কাছে থেকে ছয় টুকরো করা সিগন্যাল পিলারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।