ভৈরব পৌর ২নং ওয়ার্ডের ২শ পরিবার
পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
# মিলাদ হোসেন অপু : –
ভৈরব পৌর ২নং ওয়ার্ডের অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সরকারি ও পৌরসভার নিজস্ব অর্থায়নে ২৪ মে রোববার ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে ২শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের হাতে তুলে দেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। জানা যায়, পৌরসভার ১২ টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে প্রতি ওয়ার্ডে ২ শ করে ২৪ শ পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম মিয়ার তত্ত্বাবধানে অত্র ওয়ার্ডের অসহায় হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের খুঁজে বের করে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ তার বক্তৃতায় বলেন, দেশের এই ক্রান্তিকাল কখন শেষ হবে তা বলা মুশকিল। মানুষ করোনর প্রাদুর্ভাবে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। কিন্তু তার চেয়ে বেশী মারা যাচ্ছে না খেয়ে। মানুষ কর্মে ফিরে যেতে পারছে না, স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। তাই মানুষ অভাবে মানবেতর জীবন যাপন করছে। তবে এই দুর্যোগকালীন যতদিন থাকবে সরকারি ত্রাণ সহায়তা ততদিন অব্যাহত থাকবে। এসময় তিনি তার বক্তব্যে আরো বলেন, বেঁচে থাকতে চাইলে ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। এ সময় তিনি দেশবাসীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। একমাত্র মহান রাব্বুল আল আমিন এর কাছে দোয়া কামনা করে এই করোনা মহামারি থেকে আমরা রক্ষা পেতে পারি।এ বিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম মিয়া বলেন, ২নং ওয়ার্ডের নিম্নআয়ের হতদরিদ্রদের খুঁজে বের করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।