কিশোরগঞ্জের বিভিন্ন মার্কেট ও শপিং মলে স্বাস্থ্যবিধি অমান্য করায় রোববার একাধিক ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৯৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রির দোকানের বাইরে ঈদ উপলক্ষে কেবল কাপড়, কসমেটিকস ও জুতার দোকান এবং শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল। কিন্তু অনেকে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রেখেছেন। নির্ধারিত দোকানের বাইরে অন্যান্য পণ্যের দোকানও কেউ কোউ খুলেছেন। আবার ক্রেতা-বিক্রেতাদের অনেকেই মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুররন করেননি। ফলে ভ্রাম্যমান আদালত ক্রেতা-বিক্রেতা ৮৭ জনের কাছ থেকে উপরোক্ত জরিমানা আদায় করেছেন। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেন।
