ভয়াবহ করোনা সংক্রমণের কারণে সরকারী নির্দেশনা মোতাবেক এবার ঈদগা বা খোলা মাঠের পরিবর্তে সারা দেশেই মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জেও তাই। উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য খ্যাত শোলাকিয়া ঈদগাও ২৭০ বছরের ইতিহাসে এবারই ফাঁকা পড়ে ছিল। এবার জেলার ৫ হাজার ১২৫টি মসজিদে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। তবে এসব মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরন করে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রধান মসজিদ শহীদি মসজিদে প্রথম জামাত হয় সকাল ৮টায়। মুসল্লিরা শৃংখলার সঙ্গে নিরাপদ দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছেন। প্রশাসনের নির্দেশনা অনুসারে প্রত্যেক মুসল্লি যার যার বাসা থেকে জায়নামাজ নিয়ে তাতে নামাজ আদায় করেছেন। মসজিদের নিজস্ব চট বা লম্বা জায়নামাজ ব্যবহারে এবার নিষেধাজ্ঞা দেয় হয়েছিল। প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যগণও নিয়মমাফিক জামাত আয়োজনের ব্যাপারে তৎপর ছিলেন। নামাজশেষে করোনা সঙ্কট থেকে উত্তরণসহ বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
