ভৈরবে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়ে। খবর পেয়ে নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। মৃত ব্যক্তি পৌর শহরের ভৈরবপুর দক্ষিন পাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৭০)।
২১ মে বৃহস্পতিবার সকালে তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত ভৈরবে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত তিনি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। হঠাৎ তিনি মৃত্যু বরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ১৪মে রাতে পৌর শহরের চন্ডিবের এলাকার মাছ ব্যবসায়ী অমিয় দাস (৬০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এ ছাড়াও ১৯ মে মঙ্গলবার রাতে জানে আলম (৩৮) নামের এক সবজি ব্যবসায়ী করোনা উপসর্গে মারা যায়। তার মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠায়। এখনো এর রিপোর্ট আসেনি।
এ বিষয়ে উপজেলা প. প. কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ জানান, ২১ মে সকালে জাহাঙ্গীর আলম এর মৃত্যুর খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি জীবিত অবস্থায় তার পরিবার উপসর্গের কথা জানায়নি। তিনি আরো বলেন, ভৈরবের প্রত্যেকটি পরিবার দায়িত্ব নিয়ে করোনা উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হবে এবং পরীক্ষা করাতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা বলেন, করোনার উপসর্গ থাকায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বুঝা যাবে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা। মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তার পরিবারে ও আশেপাশে লকডাউনের বিষয়ে আলোচনা চলছে। এ ছাড়াও তিনি বলেন ভৈরবের মানুষগুলি কোন অবস্থাতেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করছে না। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়বে।