স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের এক অন্তঃসত্ত্বা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার একটি পুত্র সন্তান রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গাগলাইল গ্রামের রিক্সাচালক রিপন মিয়ার মেয়ে শিরিন আক্তার (২৫) তিন বছর আগে ঢাকায় গার্মেন্ট কারখানায় কাজ করার সময় অপর গার্মেন্ট কর্মি কটিয়াদী উপজেলার চৈতারভিটা গ্রামের ছফির উদ্দিনের ছেলে আলী আহাম্মদের (৩০) সঙ্গে সম্পর্ক হয়। এরপর পারিবারিকভাবে তাদের বিয়ে হলে একটি পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে স্বামী শিরিনের ওপর নির্যাতন শুরু করলে শিরিন বাবার বাড়িতে চলে আসেন। গত বুধবার শিরিন তার স্বামীর বাড়িতে যাওয়ার পর স্বামীর সঙ্গে ঝগড়া হলে তিনি আবার বাবার বাড়ি চলে আসেন। বৃহস্পতিবার তিনি সবার অলক্ষ্যে নির্জন ঘরের আড়ার সঙ্গে দড়িতে ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন পদির্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। শিরিন অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার জানিয়েছে।