• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জের হাওরে ধান কাটলেন কৃষক লীগ সভাপতি সমীর চন্দ

কৃষক লীগ সভাপতি সমীর চন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ বোরো ধান কাটছেন -পূর্বকণ্ঠ

করিমগঞ্জের হাওরে
ধান কাটলেন কৃষক লীগ
সভাপতি সমীর চন্দ

# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে করিমগঞ্জের সাওগলি হাওরে গিয়ে কৃষকের বোরো ধান কেটে দিলেন সংগঠনের নেতাকর্মীরা। আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমীর চন্দের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এই ধানকাটা উৎসবে অংশ নেন। তাঁরা প্রচণ্ড রোদ উপেক্ষা করে কৃষক রমজান আলীর হীরা ধানের জমি কেটে দেন।
হাওরে দাঁড়িয়ে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ বলেছেন, আমাদের নেত্রীর নির্দেশে আগাম বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল্যবান ফসল রক্ষার জন্য কৃষক লীগসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন ধান কাটায় অংশ নিয়েছে। আর ১০টি দিন সময় পেলেই কৃষকদের সকল ধান নিরাপদে গোলায় তোলা যাবে। সেই কারণেই আমরা সবাই মিলে ধান কাটা উৎসবে অংশ নিয়েছি। কৃষক লীগ আজ দেশের ৪৯টি এলাকায় একযোগে ধান কাটায় অংশ নিয়েছে বলে সমীর চন্দ জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যেসব কৃষকের ব্রিধান-২৮ নষ্ট হয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী প্রনোদনা দেবেন। তবে আগামী বছর থেকে ব্রিধান-২৮ আবাদ না করে উচ্চ ফলনশীল ‘বঙ্গবন্ধু ১০০’ ধানের আবাদের জন্য কৃষকদের প্রতি তিনি আহবান জানিয়েছেন। ব্রিধান-২৮ ক্ষতিগ্রস্ত হলেও এবার হাওরে সকল ধানেরই বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। এখন হীরা ধান কাটা হচ্ছে। ব্রিধান-২৯ কাটতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে কৃষকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *