সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে কিশোরগঞ্জে ২০ মে বুধবার সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঈদ মার্কেটে ক্রেতাও ছিল তুলনামূলক অনেক কম। রাতে ঝড়ো বৃষ্টি হয়েছে। আর আজ (২১ মে) বৃহস্পতিবার সকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ফলে জেলা করোনা প্রতিরোধ কমিটির নির্দেশনা অনুসারে সকাল ১০টা থেকে ঈদ মার্কেট খোলার কথা থাকলেও সেসময় শহর ছিল ফাঁকা। অথচ অন্যান্য দিন সকাল ৮টা থেকেই বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে শহরে প্রচুর ক্রেতা চলে আসতেন। এমন বৈরী আবহাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত। স্বাস্থ্যবিধি মেনে ঈদ মার্কেট খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে ঈদের মাত্র দু’দিন বাকি। করোনা সঙ্কটের কারণে এবার ব্যবসায়ীদের চাঁন রাতের সুযোগ দেয়া হবে না বলেও করোনা প্রতিরোধ কমিটি থেকে পরিস্কার জানিয়ে দেয়া হয়েছে। ফলে ব্যবসায়ীদের দোকানে দোকানে যেসব নতুন জামাকাপড় জমে আছে, সেগুলো বিক্রি করতে না পারলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তবে আজ দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সূর্যের আভা ফুটে ওঠে। এসময় রাস্তায় রাস্তায় ক্রেতাদের সমাগম বেড়ে যায়। ব্যবসায়ীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে আকাশ পরিষ্কার ছিল না, কালো মেঘের আচ্ছাদন ছিল। ফলে বিধিবাম। বেলা সাড়ে ১২টার দিকে আবার বৃষ্টি পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে বন্ধও হয়। এরকম বৃষ্টি আর রোদের আসা-যাওয়ার মধ্যেই কেনাকাটা চলছে।

বৃষ্টি কিছুটা থামতেই কিশোরগঞ্জ শহরের ঈদ মার্কেটে বেড়ে গেছে ক্রেতা সমাগম। -পূর্বকণ্ঠ