কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আশা’র পক্ষ থেকে ১৫টি বিহারি পরিবারসহ মোট ১২৫টি কর্মহীন অসহায় পরিবারকে আজ (১৯ মে) মঙ্গলবার দুপুরে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন ভিক্ষুক, ৩০ জন রিকশাচালক ও ৪০ জন নারী শ্রমিকও রয়েছেন। ত্রাণ বিতরণের আগে কালেক্টরেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন ও জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হক। এসময় বক্তাগণ বলেন, আজকের এই দুর্যোগে প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশব্যাপী কর্মহীন পরিবারগুলোকে ত্রাণ সামগ্রীসহ নগদ অর্থ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে বক্তাগণ আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে করোনা ঝুঁকি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও আহবান জানান। ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবন ইত্যাদি সামগ্রী প্রদান করা হয়। সবাইকে একটি করে মাস্কও প্রদান করা হয়। এসময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, উম্মে হাফসা নাদিয়া, উবায়দুর রহমান সাহেল, মাহমুদুল হাসান, তাহমিনা সুলতানা নীলা প্রমুখ উপস্থিত ছিলেন।
