• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের স্বাধীনতার প্রাপ্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক
আন্দোলনের স্বাধীনতার প্রাপ্তি
বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘মহান স্বাধীনতার ৫২ বছরে বাঙালি জাতির প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার হয়েছে। আজ ১৮ মার্চ শনিবার সকালে শহরের শেরাটন হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠান, সংগঠনের কার্যকরি সভাপতি অধ্যক্ষ আলফাজ উদ্দিন দিপু, সহ-সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান ফৌজিয়া জলিল ন্যান্সি।
সেমিনারে বক্তাগণ দেশের সাম্প্রতিক অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শোষণমুক্তির যেই চেতনা নিয়ে বঙ্গবন্ধুর ডাকে একটি বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করেছিল, সেই চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। নৈতিক ও সামাজিক অবক্ষয় ঘটছে। যুবক তরুণরা মাদকের দিকে যাচ্ছে। আর মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। সম্পদের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। প্রকৃত ও ত্যাগী রাজনীতিবিদরা আজ হারিয়ে যাচ্ছেন। রাজনীতি চলে গেছে সুবিধাবাদীদের দখলে। তাদের মধ্যে স্বাধীনতার চেতনা কাজ করে না, দেশপ্রেম কাজ করে না। তারা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে। বিদেশে বাড়ি করছেন, ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। আজকে সাম্প্রদায়িক শক্তির চাপে পাঠসূচীকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সাজানো হচ্ছে। সংবিধান থেকেও মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে সাম্প্রদায়িক চরিত্র দেয়া হয়েছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে বলেও বক্তাগণ উল্লেখ করেছেন। ক্ষমতাসীন দল আর বিরোধী দল, সবাইকেই মুক্তিযুদ্ধের পক্ষের দল হতে হবে বলেও বক্তাগণ উল্লেখ করেছেন। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *