# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি ১০ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। খালেদা জিয়ার মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস ও বিদ্যুতের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ ১১ মার্চ শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন কা হয়।
জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আরও বক্তৃতা করেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, রুহুল হুসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপি নেতা হানিফ উদ্দিন আহমেদ রনক প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। আজ তারা এই দাবি মানতে চায় না। তারা রাতে ভোট করে জোর করে ক্ষমতায় থাকতে চায়। আজ দেশে লুটের রাজত্ব কায়েম করেছে। অসহনীয় দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের দিশেহারা অবস্থা। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে বিএনপি ক্ষমতায় যাবে বলে নেতারা ঘোষণা দিয়েছেন। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।