# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে গণতন্ত্রী পার্টির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তাগণ দ্রব্যমূল্য হ্রাস ও ‘৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় অগ্নিকা- ও বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এর পেছনে কোন নাশকতার পরিকল্পনা জড়িত আছে কি না, তার রহস্য উদঘাটন করা জরুরি। বক্তাগণ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সেলিম রেজার সভাপতিত্বে আজ শুক্রবার বিকালে স্থানীয় আসাদুজ্জামান খান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ছাড়াও বক্তৃতা করেন জেলা শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী ও হাবিবুর রহমান মুক্তু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, ডা. স্বপন ভৌমিক, অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দ্বীপ, দেলোয়ার হোসেন নানক প্রমুখ।
সম্মেলনে সেলিম রেজাকে সভাপতি, মোহাম্মদ আলী লিটনকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেন দলের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।