# নিজস্ব প্রতিবেদক :-
ইদানিং এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বেড়েছে। হতাহতসহ বড় ধরনের ক্ষয়ক্ষতিও হচ্ছে। অথচ সিলিন্ডারের আগুন নিভানো খুবই সহজ। খালি হাতেই পারা যায়। এমন কৌশলই শিখিয়ে দিলেন ফায়ার সার্ভিস কর্মিরা। কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়ায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারি সরকারী কর্মকর্তা, রেডক্রিসেন্ট কর্মিসহ সাধারণ নাগরিকদের এরকম সজহ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। জ্বলন্ত সিলিন্ডারের নজেলের মুখে আঙ্গুল চেপে ধরে অথবা লম্বা পাইপটি ভাঁজ করে সহজেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তাতে আঙ্গুলে কোন তাপও লাগেনি। আতঙ্কিত বা বিন্দুমাত্র ভয় না পেলেই এটা করা সম্ভব।
শুক্রবার (১০ মার্চ) সকালে শহরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে জেলা প্রশাসন ও ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উদ্যোগে এবং ব্র্যাক ও পাথফইন্ডারের সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, পাথফাইন্ডার কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ। মহড়ায় অগ্নিবলয় থেকে কি করে ফায়ার ফাইটাররা ভিকটিমতে উদ্ধার করেন, ঘরে আগুন লাগলে কি করে নিয়ন্ত্রণ করা যায়, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা বা অন্য কোন দুর্যোগে কি করে সাহায্য করা যায়, এসব প্রদর্শন করা হয়।