ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভৈরবে বিভিন্ন শপিংমল ও মার্কেটের বস্ত্রবিতান, কসমেটিকস ও জুতাসহ বিভিন্ন দোকানে ভিড় লক্ষ্য করা গেছে।
দেশব্যাপী মহামারীর করোনার প্রভাবে গত কয়েকদিন আগেও যেখানে ভৈরবের এসব শপিংমল ও মার্কেটগুলির দোকানে ছিল সুনসান নিরবতা, সেখানে বর্তমান চিত্র এর সম্পূর্ণ বিপরীত। করোনায় আক্রান্তের সংখ্যা দেশব্যাপী দিন দিন উদ্বিগ্ন হারে বাড়লেও এর কোনো প্রভাব পড়েনি এখানকার জনমনে। করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা ও এর প্রভাব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ভৈরবে ঈদের বাজার করতে আসা জনসাধারণ।
ভৈরবের মার্কেট গুলোতে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম না মেনে চলছে ব্যবসা পরিচালনা। এ সুযোগে দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। লকডাউন তুলে নেয়ায় সামাজিক দূরত্ব মানছে না কেউই। ১২ এপ্রিল থেকে ভৈরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। যেখানে গত ৬ দিনেই আক্রান্ত হয়েছেন ১৫ জন। তাদের মাঝে ৫ জন বিভিন্ন ব্যবসায়ী।
জানা যায়, ১০ মে মার্কেট খুলে দেয়ার সরকারি ঘোষনার পর ভৈরবে সকল মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলা হলেও ক্রেতাদের উপচে পড়া ভিড়ে সচেতন মানুষদের মাঝে আতঙ্কের সৃৃষ্টি হয়। নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখলেও ব্যবসা পরিচালনায় কোন নিয়ম মানা হচ্ছিল না। এজন্য উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ১৩ মে থেকে ১৫ মে তিনদিন মার্কেট বন্ধ ঘোষণা করে। পরবর্তিতে ব্যবসায়ীদের সাথে কথা বলে ১৬ মে থেকে আবারও মার্কেট ও দোকানপাট খুলে দেয়ার ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। এতে করে মার্কেট খুলে দেয়ায় আবারো পৌর মার্কেটসহ সকল মার্কেট ও দোকানে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। বিশেষ করে নারী ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন দোকানগুলোতে। ঈদকে সামনে রেখেই ক্রেতাদের ভিড় হচ্ছে।
এছাড়া ভৈরবের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলার মার্কেটগুলো তাদের স্ব উদ্যোগে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের আগে এ সব দোকান বন্ধ থাকলেও ভৈরব উপজেলা প্রশাসন ও চেম্বার নেতৃবৃন্দ সকল মার্কেট খোলা রেখেছে। এ কারণে আশপাশের উপজেলার অধিকাংশ মানুষ ভৈরবে এসে কেনাকাটা করছেন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখছেন না দোকানিরা ও ক্রেতারা। এতে করোনায় আক্রান্তের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
স্থানীয় সাংবাদিক কাজী আবদুল্লাহ আল মাছুম বলেন, ভৈরবে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। আশপাশের উপজেলাগুলোর দোকানপাট বন্ধ রাখা হলেও ভৈরব উপজেলা প্রশাসন ও চেম্বারের নেতারা তা করেননি। মার্কেটগুলোতে যেভাবে ক্রেতাদের ভিড় দেখা যায় সামনের দিনগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে থানা পুলিশ। জরুরী প্রয়োজনীয় যানবাহন ছাড়া গণপরিবহনসহ সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে। তবে পায়ে হেটে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা যাওয়া মানুষগুলো যথা চেষ্টায় নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, সরকারি নির্দেশে মার্কেট গুলো খোলা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে করোনা প্রতিরোধে ভৈরববাসী হুমকির মুখে রয়েছে। সামাজিক দূরত্ব মেনে ক্রেতা বিক্রেতারা মাস্ক ব্যবহারে অনেকটা ঝুঁকি কমে যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানগুলোতে বেচাকেনা করতে বলা হয়েছে। কেউ নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।