জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপক মমতাজ বেগম (৭৪) ১৬ মে শনিবার দিবাগত রাতে রাজধানীর ধানমণ্ডির ভুতের গলির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি, হোসেনে আরা ইদ্রিছ ও রাশিদা বেগম গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা বলেন, মমতাজ বেগম দীর্ঘদিন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নারী সমাজ, বিশেষ করে পিছিয়ে পড়া নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধে তার অবদানও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছেন। তার মৃত্যুতে জাতীয় মহিলা সংস্থা, তথা নারী সমাজের অপূরণীয় ক্ষতি হলো। বিবৃতিতে মমতাজ বেগমের আত্মার শন্তি কামনা করা হয়েছে।