• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের হাওরে সমুদয় ধানই নিরাপদে কাটা শেষ

কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার ধান কাটার ছবি। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের হাওরে সমুদয়
ধানই নিরাপদে কাটা শেষ

# মোস্তফা কামাল :-

এবারের নজিরবিহীন ভয়ঙ্কর করোনা সঙ্কটের কারণে বোরো ধান কাটা নিয়ে প্রচণ্ড ভীতির সঞ্চার হয়েছিল। বিশেষ করে কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে শ্রমিক সঙ্কটের ফলে ধান কাটা নিয়ে কৃষক ও কৃষি বিভাগসহ সর্বমহলেই মহা আতঙ্কের জন্ম নিয়েছিল। সময়মত ধান কাটতে না পারলে এসব হাওরে অতিবর্ষণজনিত আগাম বন্যায় ফসলহানির সমূহ সম্ভাবনা থাকে।
এসব হাওরে হাজার হাজার ধান কাটা শ্রমিক আসেন প্রধানত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। কিন্তু এবার করোনা সঙ্কটের কারণে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিক পাওয়া নিয়েই বেশি উদ্বিগ্ন ছিল সবাই। তবে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় হাওরাঞ্চলে শ্রমিক সরবরাহের যেমন উদ্যোগ নেয়া হয়েছিল, আবার করোনায় শাপেবর হিসেবে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষ যার যার এলাকায় ফিরে আসায় তারাও ধান কাটায় নিয়োজিত হয়েছিলেন। আবার কৃষি বিভাগের পক্ষ থেকে হাওরাঞ্চলে পর্যাপ্ত সংখ্যক হার্ভেস্টার প্রদান করায় সময়মত বেশ নিরাপদেই সমুদয় ধান কাটা সম্পন্ন হয়ে গেছে। এছাড়া এবার আবহাওয়া ছিল অনুকূল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এবার মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও টানা বৃষ্টি ছিল না। কৃষকরা ধান শুকানোর মত পর্যাপ্ত রোদ পেয়েছেন। ফলে কোন ধান অতিবৃষ্টির কারণে নষ্ট হয়নি। তিনি জানান, জেলার টান উপজেলাগুলোতে বন্যার কোন ভয় নেই। সেখানেও প্রায় ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। অবশিষ্ট ধানও নিরাপদেই কাটা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। কাজেই করোনা সঙ্কটে সারাদেশ জর্জরিত হলেও অন্তত এবার খাদ্য সঙ্কটের হাত থেকে বাঁচা যাবে বলে সংশ্লিষ্ট সকলের অভিমত। আবার ধানের দামও এখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *