কিশোরগঞ্জ থেকে ১২ মে সংগৃহীত ৮৮টি নমুনার পরীক্ষার ফলাফল মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে ১৬ মে শনিবার জানানো হয়েছে। এতে ভৈরবের দু’জনের পজিটিভ, আর বাকি ৮৬টি নমুনা নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তবে দু’জনের নমুনা পরপর দু’বার নেগেটিভ হওয়ায় তাদের শনিবার ছাড়পত্র দেয়া হয়েছে। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগী ছিলেন ২১১ জন। এদের মধ্যে শনিবার ছাড়পত্র পাওয়া দু’জনসহ মোট সুস্থ হয়েছেন ১৭৮ জন। মৃতের সংখ্যা ৫ জনেই সীমিত রয়েছে। তবে ১৫ মে শুক্রবার রাতে করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালে মারা যাওয়া ভৈরবের মৎস্য ব্যবসায়ী অমিয় দাসের নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৪ মে। তার নমুনার পরীক্ষার ফলাফল শনিবার আসেনি। শনিবার জেলায় কোয়ারেন্টিনে ছিলেন ১১৯ জন, আর আইসোলেশনে ছিলেন ৩৬ জন। এই ৩৬ জনের মধ্যে ৪ জন অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে এ জেলায় এসেছেন।