কিশোরগঞ্জের বিআরটিএ’র মটরযান পরিদর্শন ফয়েজ আহমেদ করোনা জয় করলেন। একমাস করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে তিনিই জয়ী হলেন। ফয়েজ আহমেদ জানান, তিনি করোনা পরিস্থিতি সামাল দিতে ভ্রাম্যমান আদালতের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে কাজ করছিলেন। এরই মধ্যে গত ১৬ এপ্রিল সন্ধ্যা থেকে তার গলাব্যথা শুরু হয়। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানকে জানালে তিনি দৈনিক দুইটা করে ৭ দিন জিম্যাক্স ট্যাবলেট খেতে বলেন এবং বাসায় আইসোলেশনে থাকতে বলেন। তিন দিনের মধ্যে গলাব্যথা ভাল হয়ে গেলেও শুরু হয় কাশি। এবার সিভিল সার্জন তাদের স্বামী-স্ত্রী উভয়কেই নমুনা পরীক্ষার পরামর্শ দেন। ২৫ এপ্রিল সিভিল সার্জন অফিসে গিয়ে নমুনা দিলে ২৮ এপ্রিল প্রাপ্ত ফলাফলে ফয়েজ আহমেদের করোনা পজিটিভ, আর তার স্ত্রীর নেগেটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন তখন পরিদর্শক ফয়েজ আহমেদকে কিছু নিয়মকানুনসহ বাসায় কঠোর আইসোলেশনে থাকতে বলেন। এরপর ৭ মে আবারো স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করলে ৯ মে উভয়েরই নেগেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে ১১ মে আবার ফয়েজ আহমেদের নমুনা সংগ্রহ করলে ১৪ মে পুনরায় নেগেটিভ রিপোর্ট আসে। সেদিনই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছে। তবে তাকে আরো ১৪ দিন বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।